বিনোদন ডেস্ক: এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। অভিযোগ, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন অভিনেত্রী ও তার সহযোগীরা। এ ঘটনায় অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে পুলিশ। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন।তবে সেই প্রস্তাবে রাজি হননি ওই ব্যবসায়ী। আর এতেই বিরোধের সূত্রপাত।
অভিযোগে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের ছোট ঘরে ফেরেন তরুণ। এ সময় সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরো দুজন।তারা মিলে ওই ব্যবসায়ীকে মারধর করেন। একপর্যায়ে জোরপূর্বক তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেওয়া হয়।
এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদা দাবির ফোন পান তরুণ। অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তাকে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরো দুই লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও থামেননি অভিযুক্তরা। বরং সঞ্জয় তাকে হুমকি দিতে থাকেন এবং আরো ২৭ লাখ রুপি দাবি করেন।
এ ঘটনায় তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়। এরপর গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোনও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অভিনেত্রীর অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :