বিনোদন ডেস্ক: বলিউডের ‘ড্যান্সিং ডিভা’ নোরা ফাতেহি এবার বিশ্বমঞ্চে নতুন এক ইতিহাস গড়তে চলেছেন। আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি গান গাইবেন এই মরক্কান-সুন্দরী। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, টরন্টোর এই আয়োজনে নোরার সঙ্গে সুর মেলাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারার মতো বিশ্বখ্যাত তারকারা। মূলত কানাডার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ফুটবল উন্মাদনাকে বিশ্বের সামনে তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কানাডার পরিচয়ের এক শক্তিশালী প্রতিফলন। গান ও সংস্কৃতির এই মহামিলনমেলার মাধ্যমে বিশ্বকে স্বাগত জানানো হবে। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মোট ১৬টি শহরে এবারের আসরের ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টরন্টোর আয়োজনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানেও অনিতা, ফিউচার, ক্যাটি পেরি এবং লিসার মতো বিশ্বসংগীতের মহাতারকারা পারফর্ম করবেন। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের পর্দা উঠলেও ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই বিশ্বযজ্ঞের সমাপ্তি ঘটবে।তবে আন্তর্জাতিক এই সাফল্যের খবরের মাঝেই সম্প্রতি আইনি জটিলতায় পড়তে হয়েছিল নোরাকে। তার অভিনীত ‘কেডি-দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনার’ গানটির আপত্তিকর কথা ও দৃশ্যায়নের জন্য দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে গানটির হিন্দি সংস্করণের কথাগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ বলে অভিযোগ তোলেন নেটিজেনরা। এ ব্যাপারে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) নোরাকে তলব করে। গত সপ্তাহে কমিশনের সামনে হাজির হয়ে নোরা ফাতেহি এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোরা বলেন, শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই তিনি ক্ষমা চেয়েছেন। অনিচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কাউকে আঘাত করার কোনো অভিপ্রায় তার ছিল না। মহিলা কমিশনের কর্মকর্তারাও তার সহযোগিতা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন।
বিতর্কিত এই অধ্যায় পেছনে ফেলে নোরা এখন পুরোপুরি মনোনিবেশ করছেন বিশ্বকাপের মহড়া ও প্রস্তুতির দিকে। ফুটবলের এই মহাযজ্ঞে নিজের সেরাটা দিয়ে বিশ্ববাসীর মন জয় করাই এখন তার প্রধান লক্ষ্য। সূত্র: মিড-ডে

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :