বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে : মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:১৭ পিএম

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি: জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে এবং এর জন্য দেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না বলে কড়া মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণের নিমিত্তে সরেজমিন পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি—মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতকে কখনই এ দেশের জনগণ ক্ষমতায় আনবে না, কারণ তারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল।’
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে—আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না! অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ও রূপরেখা আমাদেরই। আমরা প্রতিটি শর্ত জুলাই সদনে পালন করেছি। তিনি আরও বলেন, আমরা দেশে সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তবে এর অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সেটা মেনে নেব; এ দেশের মানুষ তা হতে দেবে না। বাংলাদেশের রাজনীতি মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো বিভাজন বা সাম্প্রদায়িকতা থাকবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
এ দিন দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী ঘোষণা দেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে পুরোদমে বিমান চলাচল শুরু করবে। বিশেষ অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিল, তাই আমরা ফুল টিম নিয়ে এসেছি এবং আগামী ২ বছরের মধ্যে এটি চালুর চেষ্টা করব। এটি চালু হলে সমগ্র ঠাকুরগাঁওবাসীর যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ওয়াদা করেছেন, বিমানবন্দর চালুর ব্যাপারে সেহেতু এটি চালু অবশ্যই হবে। এর যাবতীয় পরিকল্পনা হয়ে গেছে, এখন দ্রুত কাজ শুরু হবে। আমরা আশা করছি ২ বছরের মধ্যে এই বিমানবন্দরে বিমানে উঠে আপনারা ঢাকা যেতে পারবেন।ছবি-সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!