শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:১৭ এএম

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

ডেইলি খবর ডেস্ক: তেলের দাম হ্রাস, আগামী সপ্তাহে সুদের হার নিয়ে মার্কিন ফেডের সিদ্ধান্ত ও মুদ্রাস্ফীতির ওপর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থানের ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বেড়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। 

আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।

মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, (মধ্যপ্রাচ্যে) যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে দাম আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। তবে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে... আগামী সপ্তাহে ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা এক্ষেত্রে সহায়ক হতে পারে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি দীর্ঘসময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারেএমন আশঙ্কায় মূলত দাম কমেছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে চাপে পড়ে সোনা।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। আর প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!