শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জে নদীর তীরে পড়েছিল শ্রমিকের মরদেহ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:৫১ পিএম

কিশোরগঞ্জে নদীর তীরে পড়েছিল শ্রমিকের মরদেহ

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের অষ্টগ্রামে নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে দিয়ে বয়ে চলা কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় তাকে হত্যা করে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

নিহত মো. শফিক মিয়া (৩১) আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি শফিক মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। ওই মীমাংসার অংশ হিসেবে সাবেক স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

স্থানীয়রা আরও জানায়, শফিক মিয়ার কাছে ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন তিনি। টাকাগুলো সবসময় নিজের কাছেই রাখতেন। টাকাগুলো ছিনিয়ে নেওয়ার পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কাজ করছে বলেও জানান তিনি। 
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!