ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। অথচ চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এ অবস্থায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন বা সংশোধিত চুক্তির উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটি। রোববার ঢাকায় কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপনের কথা রয়েছে।
জেআরসির সদস্য ড. মো. আনোয়ার কাদির সমকালকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। পানির প্রবাহ ও বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হয়।
চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার এই কমিটির নেই। এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের পর্যায়ের বিষয়। ফলে রোববারের বৈঠকে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
আনুষ্ঠানিক আলোচনার অপেক্ষায় বাংলাদেশ-চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে একটি কারিগরি কমিটিও গঠন করেছে সরকার। কমিটির প্রধান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অপেক্ষা।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী কূটনৈতিক চ্যানেলে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশ ভারতের কাছে পাল্টা একটি কারিগরি কমিটি গঠনেরও অনুরোধ জানিয়েছে। গত জুনে বাংলাদেশ এ বিষয়ে কারিগরি কমিটি গঠন করে। আগস্টে ভারতের কাছে একই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, আন্তসীমান্ত পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা। গঙ্গাসহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনার ক্ষেত্রেও এ ব্যবস্থা রয়েছে। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।
তবে কবে নাগাদ দুই দেশের মধ্যে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ-বাংলাদেশের প্রত্যাশা, শুধু ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী বলেছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির নিশ্চয়তামূলক ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।
১৯৭৭ সালের চুক্তিতে বলা হয়েছিল, ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের কম পানি দেওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যাশা, নতুন চুক্তিতেও এ ধরনের নিশ্চয়তা থাকবে। এতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে।
১৯৯৬ সালের চুক্তিতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে ১০ দিন মেয়াদি সময় ধরে দুই দেশের মধ্যে পানি বণ্টনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক, বাকিটা পাবে ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে। তবে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকারের জরুরি আলোচনার মাধ্যমে পানি বণ্টনের বিষয়ে সমন্বয় করার কথা বলা হয়েছে।
ভারতের রাজ্যগুলোর স্বার্থও গুরুত্বপূর্ণ-গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর অবস্থান চুক্তি নবায়ন বা নতুন চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে।
পশ্চিমবঙ্গের উদ্বেগের বিষয় ভাগীরথী-হুগলি নদীতে পানির প্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা। অন্যদিকে বিহারের চাহিদার মধ্যে রয়েছে পানীয় জল ও শিল্পের জন্য পানি নিশ্চিত করা। এ কারণে ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিটি পর্যালোচনার জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। এতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদেরও যুক্ত করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এখনো চুক্তি হয়নি।
গঙ্গার পানি বাংলাদেশের কৃষি, মৎস্য, নৌপরিবহন, জীববৈচিত্র্য ও সুন্দরবনের পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। কৃষি ও মৎস্য উৎপাদনেও এর প্রভাব পড়ে। তাই নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা ও প্রবাহের নিশ্চয়তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এমন একটি সমাধান প্রয়োজন, যা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করবে এবং জনসাধারণের আস্থা অর্জন করবে। আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্কের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন তিনি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :