ডেইলি খবর ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সঙ্গীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সঙ্গীত বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে মোট ১৫ দিন সময়ের প্রয়োজন হয় এবং এতে মোট ৩৩টি পত্র অন্তর্ভুক্ত থাকে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :