ডেইলি খবর প্রতিবেদক: স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের জোট ও শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান।
এদিকে বিএনপি ও শরিকদের একাধিক সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। কথা বলব জাতীয় সরকার গঠনের বিষয়েও।
বিএনপির সূত্রগুলো বলছে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। সব শরিকদেরই ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। এমনকি নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদেরও ডাকা হয়েছে। পরস্পরের সঙ্গে হƒদ্যতা বাড়ানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, মূলত সেই ব্যাপারেই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপি চেয়ারম্যান।
শরিক দল ও জোটগুলোর একাধিক নেতার মতে, নির্বাচন ও সরকার গঠনের ৫ মাসে অনেক ক্ষেত্রেই বিএনপির একলা ‘চলো নীতি’ পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় এই বৈঠকের মধ্য দিয়ে সরকার দলের মনোভাব বুঝতে চাওয়া হবে। মনোভাব বোঝা গেলে সেই অনুযায়ী শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্কের ধারা ঠিক হবে বলেও মনে করছেন তারা।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :