বিনোদন ডেস্ক: ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। এরই মধ্যে নতুন করে ছড়িয়েছে তাঁর বিয়ের তারিখ।গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে ছড়িয়ে পড়া এমন খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন পূজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ভক্তদের সতর্ক করে এক বার্তায় পূজা চেরী বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।
চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’। তবে তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই অভিনেত্রী।
তখনও বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, বিয়ে তাঁর জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছা তাঁর নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।
এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও একই অবস্থানে রয়েছেন পূজা চেরী।
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন। ফলে ১৬ সেপ্টেম্বর সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে পূজার আনুষ্ঠানিক ঘোষণার জন্য।সংগৃহীক ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :