রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

তিশার সোলজার নিয়ে মন খারাপ হয়নি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩১ পিএম

তিশার সোলজার নিয়ে মন খারাপ হয়নি

বিনোদন ডেস্ক: দেশে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে গিয়েই আলোচনায় উঠে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তার বিপরীতে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি এই অভিনেত্রী। তবে অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর হঠাৎ থমকে যায় সিনেমাটির শুটিং। 
গুঞ্জন ছিল, নভেম্বরে আবারও শুরু হতে পারে দৃশ্যধারণ। এর মধ্যেই ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।

আর তাই এর মধ্যে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে শিগগিরই ফেরার সম্ভাবনা নেই শাকিবের। স্বভাবতই এখনো পর্যন্ত ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হিসেবেই দেখছে সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতিতেও ‘সোলজার’ নিয়ে হতাশ নন তানজিন তিশা। ছবিটি নিয়ে মন খারাপের কিছু নেই বলেও জানালেন।
নিজের প্রথম সিনেমাটি নিয়ে এখনো যথেষ্ট আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তার শিডিউল দেওয়া আছে। কাজ শুরু হলেই আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত এই অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব।এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’
শুটিং বন্ধ থাকলেও এই সময়টা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ততায় কাটছে তিশার। তবে সিনেমাটির কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তার। এর আগেও ‘সোলজার’-এর জন্য টানা চার মাস অন্য কোনো কাজ করেননি। তখনো সিনেমাটির জন্য শিডিউল ফাঁকা রেখেছিলেন। এখনো অপেক্ষা করছেন শুটিং শুরুর।

এ প্রসঙ্গে তিশার স্পষ্ট বক্তব্য, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’

তবে পছন্দের এই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়েও এখনো রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে শুটিং বন্ধ থাকার কারণ নিয়ে ছড়িয়েছে বিভিন্ন গুঞ্জন। কোথাও কোথাও দাবি করা হচ্ছে, সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পী এখনো পারিশ্রমিক পাননি। এ কারণে পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত কেউ কেউ শুটিংয়ে অংশ নিতে চাইছেন না।

জানা গেছে, সিনেমাটির গানের অংশের দৃশ্যধারণ এখনো বাকি। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা জানতে পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। প্রথম দিন দৃশ্যধারণ শুরু হলেও সেদিন শুটিংয়ে অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও সিনেমার অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যোগ দেন। সে সময় সিনেমায় শাকিব খানের নতুন লুকও বেশ আলোচনার জন্ম দিয়েছিল।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!