রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৪৭ পিএম

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে মারা গেছেন

বিনোদন ডেস্ক: ভারতের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (১১ এপিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেওয়ায় শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালে সংগীতময় পরিবারে জন্ম নেয়া আশা ভোসলে খুব অল্প বয়সেই গানের জগতে পা রাখেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। “পিয়া তু আব তো আজা”, “চুরা লিয়া হ্যায় তুমনে”, “দিল চিজ কেয়া হ্যায়”সহ তার গাওয়া গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে। তিনি সাতবার ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তার সংগীতজীবন নানা বৈচিত্র্যে ভরা। শুরুতে ক্যাবারে বা নৃত্যসংগীতের গায়িকা হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে গজলসহ নানা ধারার গানে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে উমরাও জান ছবির গানে তার অসাধারণ পরিবেশনা আজও প্রশংসিত।
ব্যক্তিগত জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। ১৬ বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোসলে-কে বিয়ে করেন, তবে পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ১৯৮০ সালে সংগীত পরিচালক রাহুল দেব বর্মনকে বিয়ে করেন, যিনি তার থেকে বয়সে ছোট ছিলেন। ১৯৯৪ সালে তার মৃত্যুর পর একা জীবন কাটান এই শিল্পী।  বর্তমানে ৯২ বছর বয়সী এই শিল্পী নিয়মিত প্লেব্যাক থেকে সরে এলেও সম্প্রতি পর্যন্ত লাইভ পারফরম্যান্সে অংশ নিচ্ছিলেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!