বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার নতুন পরিণতি পেল। ইতালির মনোরম ক্যাপ্রি দ্বীপে প্রেমিকা সমীক্ষা শেঠিকে বাগদানের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পরমীত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি। রোমান্টিক পরিবেশে আয়ুষ্মানের এই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজন। ছবিগুলোতে বাগদানের প্রস্তাব থেকে শুরু করে পরবর্তী উদযাপনের নানা মুহূর্ত ধরা পড়েছে। এনডিটিভি
ইতালির ক্যাপ্রি দ্বীপের পাহাড়ি খাড়া উপকূল আর নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্যের মধ্যে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এক হাঁটু গেড়ে বসে হাতে খোলা আংটির বাক্স নিয়ে সমীক্ষার সামনে রয়েছেন তিনি। অন্যদিকে, সমীক্ষার মুখে তখন আনন্দের হাসি। তাদের এই বিশেষ মুহূর্তটি ঘিরে ছবিগুলোতে ফুটে উঠেছে ভালোবাসা ও আবেগের দৃশ্য।
বাগদানের পর ক্যাপ্রির বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটিয়েছেন এই যুগল। ঘুরে দেখেছেন দ্বীপটির বিখ্যাত ব্লু গ্রোটো। উজ্জ্বল নীল পানির জন্য পরিচিত এই গুহার ভেতরে কাঠের ছোট নৌকায় তাদের একসঙ্গে সময় কাটানোর ছবিও প্রকাশ করেছেন। একটি ছবিতে নৌকার সামনের দিকে বসে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় দুজনকে। আরেকটি ছবিতে নীল পানির মধ্যে নৌকায় বসে একে অপরকে চুম্বন করতে দেখা গেছে তাদের।
বাগদানের আংটিটিও বিশেষভাবে নজর কেড়েছে ছবিগুলোতে। একটি ছবিতে সমীক্ষাকে আয়ুষ্মানের হাত ধরে নিজের আংটি প্রদর্শন করতে দেখা যায়। আংটিটিতে রয়েছে এমারেল্ড কাটের হীরার পাথর, যা হলুদ সোনার নকশা করা ব্যান্ডে বসানো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে নিজেদের সম্পর্কের অনুভূতি জানিয়েছেন আয়ুষ্মান ও সমীক্ষা। ক্যাপশনে তারা লিখেছেন, পৃথিবীর অসংখ্য জায়গা ও সম্ভাব্য জীবনের মধ্যে কোনো একভাবে তারা একে অপরকে খুঁজে পেয়েছেন। শুধু এই জীবনেই নয়, প্রতিটি জীবনেই তারা একে অপরকে বেছে নেবেন। একসঙ্গে কাটানো প্রতিটি জীবনের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই যুগল।
আয়ুষ্মান শেঠি অর্চনা পুরান সিং ও পরমীত শেঠির ছোট ছেলে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি প্রেমিকা সমীক্ষার সঙ্গে সম্পর্কের নানা দিক তুলে ধরেন। বাবা-মা এবং বড় ভাই আর্যমান শেঠির সঙ্গে পারিবারিক ভ্লগেও দেখা যায় তাকে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :