ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও সৌদি কর্তৃপক্ষের সুরক্ষা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো ধরনের স্পর্শকাতর তথ্য, ছবি বা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা আদান-প্রদান করা সৌদি আরবের স্থানীয় আইনে গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ।
এই অবস্থায় প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত যেকোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) প্রচার, মোবাইল ফোনে সংরক্ষণ বা অন্য কারও সঙ্গে আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে ও যেকোনো সহায়তার জন্য প্রবাসীদের দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি ২৪ ঘণ্টার হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্ট-সংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং-সংক্রান্ত: ৮০০১০০০১২৪
মৃত্যু ও জরুরি সহায়তা-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
যেকোনো সর্বশেষ হালনাগাদ তথ্যের জন্য প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে। ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :