ডেইলি খবর ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে একই সময়ে সারা দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৪৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন আক্রান্ত এক হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন)। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :