ডেইলি খবর ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর পুনরায় কমানো হয়েছে। এখন থেকে ১৮০ দিন এসব উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশ প্রযোজ্য হবে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ৮ জুনের প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিরাপদ উৎস সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণগুলোতে আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং আগাম কর হতে অব্যাহতি প্রদান করা হয়। এ অব্যাহতি প্রদানের ফলে এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ১৭ শতাংশ প্রযোজ্য ছিল। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে উক্ত সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশ প্রযোজ্য হবে এবং এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১৮০ দিন কার্যকর থাকবে।
এতে আরও বলা হয়, এ ছাড়া পূর্বে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক উপকরণ আমদানিতে শর্তসাপেক্ষে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশ প্রযোজ্য হবে এবং এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১৮০ দিন কার্যকর থাকবে। এর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :