ডেইলি খবর ডেস্ক: দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে।মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নৈরাজ্যপূর্ণ সংবাদ মাধ্যমের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সংবাদ মাধ্যম স্বাধীন থাকলে গণতন্ত্র সমৃদ্ধ হয়। জনগণের অধিকার সঠিক তথ্য পাওয়া। সংবাদকর্মীদের সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তিনি আরও বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সঙ্গে জড়িত সব সংগঠনের সঙ্গে কথা বলছি। সংবাদ মাধ্যমের সঠিক নীতিমালা তৈরি করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদমাধ্যমকে সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে না।তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম। জনগণের অধিকার হচ্ছে সঠিক ও সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে গণমাধ্যম যখন মিথ্যা তথ্য, বিকৃত তথ্য, অবৈধ সরকারের চুক্তি ভিত্তিক মনগড়া তথ্য, লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের সঙ্গে দরকষাকষির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার হয় তখন সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশ প্রেম ও নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন তারা বিপদগ্রস্ত হয়ে পড়েন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী সরকার ও রাজনৈতিক শক্তি গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। গণমাধ্যমে তাদের নিজস্ব কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তাদের খুমিতো শাসন করবে, শোষণ করবে, লুট করবে, খুন করবে, গুম করবে। তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরির জন্য একটি গোষ্ঠী থাকবে। তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে।তিনি বলেন, গণমাধ্যমে যারা অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কাজ করছেন। খুন, গুমের বিরুদ্ধে কথা বলছেন, তারা অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তাদের কণ্ঠরোধ করে দেয়া হয়েছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :