বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র হবে: আইজিপি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:০১ পিএম

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র হবে: আইজিপি

ডেইলি খবর প্রতিবেদক: আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

তিনি জানান, পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আলী হোসেন ফকির বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ঢাকা মহানগর পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবলও সৃষ্টি করা হবে।

আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!