শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার ছুটির দিনে ফিরল সেই আগুনের রাতগুলোর দৃশ্য

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৩২ এএম

শুক্রবার ছুটির দিনে ফিরল সেই আগুনের রাতগুলোর দৃশ্য

ডেইলি খবর ডেস্ক: আগুনের ললিহান আর ককটেল বিস্ফোরণের শব্দে শুক্রবার ছুটির দিনটা কাটলো নগরবাসির। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মাত্র ৮ ঘন্টার ব্যবধানে পৃথক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মালিবাগ দিয়ে শুরু। এরপর একে একে আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার ও মৌচাক, ঢাক কলেজ ও বিটিভির সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর আসাদগেট ও ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক ও বাবু বাজারে দুইজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।’

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত এসআই মো. তারেক বলেন, ‘মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এটি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনও পাওয়া যায়নি।’

রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক রিকশাচালক আহত হন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মাদ রাজু বলেন, ‘চৌরাস্তায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এরপর রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বলেন, ‘রাত ৭টা ৫৮ মিনিটের দিকে ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছে। তাদের মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে বঙ্গবাজার, গুলিস্তান ও মৌচাক এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পৃথক এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণসহ তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ছাড়া রাজধানীর মিরপুরের কাফরুল থানার সামনে থেমে থাকা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। কাফরুল থানার ডিউটি অফিসার এস আই জহিরুল ইসলাম বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায় নি।’

এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলা কানাইপুর ইউনিয়নে করিমপুর হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার পর রাজধানীর আসাদগেটে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, এ সময় ঢাকা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!