রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

সাবেক রাষ্ট্রপতির ভাই আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:১১ পিএম

সাবেক রাষ্ট্রপতির ভাই আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (২২ মার্চ) বিকাল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি মিঠামইনে "মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ" এর প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সাহসী ভূমিকা পালনের পাশাপাশি নিজ এলাকার শিক্ষাক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাইয়ের ছেলে মো. মতিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।মো. মতিন মিয়া জানান, প্রায় এক মাস যাবত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল হক নুরু। বিগত পাঁচ দিন যাবত ছিলেন লাইফ সাপোর্টে।মতিন মিয়া জানান, সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে নেওয়া হবে। এদিন বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!