স্পোর্টস ডেস্ক:জোহানেসবার্গে যে মুহূর্তে বাংলাদেশ ঘুরে দাঁড়াল, তখনই বাদ সাধল বৃষ্টি। থিতু হয়ে যাওয়া জুটি ভাঙার পাশাপাশি দ্রুত ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হয়তোবা আর কিছুক্ষণ খেলা হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজই লিড নিতে পারত বাংলাদেশ। সেটা অবশ্য হয়নি। তবে তাসকিন আহমেদের আশা, এখনো বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়নি।
৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যেখানে ভিয়ান মুলডার (০), ইয়ানসেন (৮) ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের (১) উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধের আগে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনো সফরকারীরা পিছিয়ে ১৪ রানে। টেম্বা বাভুমা ৪৯ রানে আহত অবসর হয়ে মাঠ ছাড়ায় এখনো তাঁর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। বৃষ্টিতে খেলা মাত্র এক সেশন হলেও তাঁর আশা, ম্যাচে এখনো টিকে রয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘আসলে বৃষ্টি তো নিয়ন্ত্রণে নাই। তো যে জিনিসটা হয়তো যে আমরা যেই মোমেন্টামটা পেয়েছিলাম, হয়তো ওই সময়টা তাদের তাড়াতাড়ি অলআউট হওয়ার একটা সম্ভাবনা ছিল। লাঞ্চের পর থেকে চা পানের বিরতির সময়টা আসলে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। এখনো আমরা খেলায় আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো অবস্থানেই আছি।’
জোহানেসবার্গে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা ৪৫ শতাংশ। আজ যেমন এক সেশন খেলা হয়ে বন্ধ হয়ে গেছে, তেমনটা না হলেও বৃষ্টিতে বেশ কিছু ওভার পণ্ড হওয়ার আশঙ্কা তো থাকেই। তবে তাসকিন অনুপ্রেরণা খুঁজছেন তৃতীয় দিনে নতুন বল নেওয়ার পরের অবস্থা থেকে। ৮৩.১ ওভারে বাংলাদেশ নেয় নতুন বল। তারপর ৮৫.২ থেকে ৮৮.৩ ওভার—অর্থাৎ ২০ বলের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় সফরকারীরা।
আবহাওয়া যেমনই থাকুক, তাসকিনের আশা ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু করে দেখাতে পারে আগামীকাল। আজ তৃতীয় দিনের খেলা শেষে ৩১ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘তো কালকের আবহাওয়ার ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু দিনের শুরুটা যদি ভালো করতে পারি, তাড়াতাড়ি আউট করতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেয়... ক্রিকেট খেলা মানে টেস্টে যেকোনো সময় যেকোনো কিছু হইতে পারে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :