শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১০:৩২ পিএম

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক: মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিলেট দীর্ঘদিন ক্রীড়াবিমুখ ছিল। নির্বাচনের সময় আমরা বারবার বলেছি মাদকাসক্তি ও অনলাইন জুয়া থেকে যুবকদের বাঁচাতে হবে। সেজন্য ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্তদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালু করা।”

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকায় সিলেটের ক্রীড়াঙ্গন সর্বাত্মক সহযোগিতা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।

টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়াঙ্গন কতটা গতি পেয়েছে, সিলেটের এই আয়োজনই তার জ্বলন্ত প্রমাণ। ১২ বছর বয়সে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল উল্লেখ করে তিনি সিলেটের প্রতি গভীর ভালোবাসার কথা জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার ৯ মাস অতিক্রম করেছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আমরা আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেব। তখন অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে আমরা শুধু অংশগ্রহণের জন্য যাব না, বরং পদকের জন্য লড়াই করব।” এ সময় তিনি আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রদানের ঘোষণা দেন। দলমত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার বলিষ্ঠ ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “মাহবুব আলী খান ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তান। তিনি তাঁর দূরদর্শিতা দিয়ে সমাজে নেতৃত্ব দিয়েছেন। নতুন প্রজন্মের উচিত তাঁর আদর্শ অনুসরণ করা।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের এই ঐতিহ্যবাহী মাঠ থেকে বহু খেলোয়াড় ফুটবল, ক্রিকেট ও হকিতে খেলে জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু বিগত ১৭ বছর আমরা মাঠে কোনো খেলাধুলা দেখিনি; কেবল নামসর্বস্ব ফেডারেশন ছিল। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারেন, সেই লক্ষ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সারাদেশে খেলাধুলা মাঠে গড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জিমখানা ক্লাবের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি এবং জেলার ১৩টি উপজেলা মিলিয়ে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!