শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:০৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন এবং দুপক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার পর ওয়াশিংটনের হুমকি এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী বহর মোতায়েনের প্রেক্ষাপটে আজ শুক্রবার (৬ ফেব্রæয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হলো।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আব্বাস আরাঘচি বলেন, ‘অত্যন্ত ইতিবাচক পরিবেশে আমাদের যুক্তিগুলো বিনিময় করা হয়েছে এবং অপর পক্ষের মতামত আমাদের জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি ভালো শুরু ছিল।’
আব্বাস আরাঘচি উল্লেখ করেন, দুপক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং তাদের নিজ নিজ রাজধানীতে আলাপ-আলোচনার পর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। আরাঘচি বলেন, পরবর্তী দফার আলোচনার সময় এবং কাঠামো পরে নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ওয়াশিংটন হুমকি ও চাপ প্রদান থেকে বিরত থাকবে যাতে আলোচনা অব্যাহত থাকতে পারে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুর ওপর কেন্দ্রীভূত ছিল। তিনি আরও বলেন, আমরা মার্কিন পক্ষের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না।
যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থনের বিষয়টি আলোচনার অন্তর্ভুক্ত করতে চাইলেও,ইরান বারবার পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনার পরিধি বাড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
গত বছর জুনে ইরানের ওপর ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলা এবং এর ফলে সৃষ্ট ১২ দিনের যুদ্ধের কারণে দুই দেশের আলোচনা ভেস্তে যাওয়ার পর শুক্রবারের বৈঠকটিই ছিল প্রথম কোনো আলোচনা। ওই সময়ে যুক্তরাষ্ট্রও সংক্ষিপ্তভাবে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।
ইরান তখন ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছিল।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!