ডেইলি খবর ডেস্ক: দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ইরান। তেহরান জানিয়েছে, তারা এখনই এই অনুরোধের চূড়ান্ত কোনো জবাব না দিলেও প্রস্তাবের খুঁটিনাটি খতিয়ে দেখছে। মূলত আলোচনার সুর ও কৌশলে পরিবর্তনের ইঙ্গিত মেলায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি। খবর আলজাজিরার। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রধান অন্তরায় হলো পারমাণবিক ফাইল। ইরানের কর্মকর্তারা এবার এই সমস্যার সমাধানে একটি সম্পূর্ণ ‘নতুন কৌশল’ ও ‘নতুন চুক্তির’ প্রস্তাব করেছেন। তবে তাদের প্রধান শর্ত হলো— আলোচনার আগে অবশ্যই যুদ্ধের অবসান হতে হবে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, কেবল মৌখিক আশ্বাস নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কখনো আক্রমণ করবে না— এমন আন্তর্জাতিক গ্যারান্টি পেলেই তারা যুদ্ধের সমাপ্তি টানতে রাজি। ইরানি কর্মকর্তাদের যুক্তি, এর আগেও আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র দুইবার ইরানে হামলা চালিয়েছে। যা দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকটকে তীব্র করেছে। তাই এবার আলোচনার আগে ‘নিরাপত্তার গ্যারান্টি’ তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।
ইরান বর্তমানে একটি তিন-পর্যায়ের রূপরেখা প্রস্তাব করছে-
প্রথম ধাপ : অবিলম্বে যুদ্ধের অবসান।দ্বিতীয় ধাপ : নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিশ্বাসযোগ্যতা অর্জনের পরিবেশ তৈরি।
তৃতীয় ধাপ : পারমাণবিক ফাইলসহ অন্যান্য বিতর্কিত ইস্যুগুলো নিয়ে চূড়ান্ত সংলাপ।
এই প্রস্তাবের বিনিময়ে ইরান একটি বড় ধরনের ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনার প্রক্রিয়া শুরু হলে এবং যুদ্ধের অবসান ঘটলে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে। বর্তমানে এই জলপথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত এবং ইরানের নতুন প্রস্তাবগুলো ‘বিবেচনাযোগ্য’। তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে।
পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা বর্তমানে ইসলামাবাদে চূড়ান্ত রূপ নেওয়ার অপেক্ষায় রয়েছে। যদি ইরান এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়, তবে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত অবসানে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :