শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:৫৯ পিএম

ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে

ডেইলি খবর ডেস্ক: ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে স্থবির হয়ে পড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় গতি আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছেছেন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা সহজতর করতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে মহসিন নাকভি আজ দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পৌঁছেছেন।ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরের তেহরান সফরের মাত্র কয়েকদিন পর মোহসিন নাকভি এই সফর শুরু করলেন।
ইরান ও যুক্তরাষ্ট্রেরর মধ্যকার শান্তি আলোচনায় ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতা করে আসছে এবং গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল তারা।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, তেহরান ওয়াশিংটনের কাছ থেকে বার্তা পেয়েছে। ওই বার্তা নির্দেশ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।ইরানের প্রধান আলোচনাকারী এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গত মঙ্গলবার বলেন, ওয়াশিংটনের উচিত তেহরানের শান্তির প্রস্তাব মেনে নেওয়া অথবা ব্যর্থতার মুখোমুখি হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করার এবং যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে সতর্ক করার পর গালিবাফ এই মন্তব্য করেন।সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘের গালিবাফ বলেন, ‘১৪ দফার প্রস্তাবে যেভাবে ইরানি জনগণের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না।’
২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির কারণে থেমে আছে। অস্থায়ী এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়ার জন্য পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!