রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক : বিশ্ব কি স্বস্তির খবর পাবে?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১০:৩৫ পিএম

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক : বিশ্ব কি স্বস্তির খবর পাবে?

ডেইলি খবর ডেস্ক: ইরান সংঘাত, ইউক্রেন যুদ্ধ আর শুল্ক লড়াইয়ে যখন বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা টালমাটাল, ঠিক তখনই প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। চীনের শেনঝেনে এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিতব্য এই বৈঠকের মূল এজেন্ডার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ। তবে বিশ্লেষকদের প্রশ্ন এই মহাশক্তিধর তিন নেতার বৈঠক থেকে কি সত্যিই কোনো সমাধান আসবে, নাকি এটি কেবলই কূটনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে থাকবে?

চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ওয়াশিংটন জানায়, ১৮ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে ট্রাম্প উপস্থিত থাকবেন। আর এ সময়েই স্মমেলনের ফাঁকে ট্রাম্প, শি জিনপিং ওপুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস আরও জানায়, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে পারমাণবিক বিস্তার রোধের বিষয়টি। তবে এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনে-রাশিয়ার যুদ্ধ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন বলেন, আমার মনে হয়, আমরা সেখান থেকে বেশ কিছু আকর্ষণীয় ছবি পাব, পাশাপাশি ট্রাম্পের পক্ষ থেকে হয়ত অনেক বড় বড় প্রতিশ্রুতি ও চমকপ্রদ বক্তব্য শুনতে পাব। তবে এই তিন নেতা যৌথ বা একক—কোনোভাবেই ইরান বা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম নন। তাহলে প্রতিটি পক্ষ কী চায় এবং এর সম্ভাব্য ফলাফল কী হতে পারে?

আলোচনার বিষয়বস্তুতে কী কী থাকছে?

প্রতিটি নেতার নিজস্ব অগ্রাধিকার রয়েছে, তবে এমন কিছু বিষয় আছে যা নিয়ে তারা সবাই আলোচনা করতে চাইবেন।

নতুন পারমাণবিক চুক্তি:

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম প্রধান বিষয় হলো ‘নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট)’, যার মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে।

বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে; এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা চীনও দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে।

চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়া তা নবায়নের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। এর পরিবর্তে তিনি এমন একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির দাবি জানান, যার মধ্যে চীনকেও অন্তর্ভুক্ত হতে হবে। তবে ধারণা করা হচ্ছে, চুক্তিটির প্রণয়ন প্রক্রিয়ায় চীন জড়িত ছিল না, তাই এতে নতুন করে যোগ দিতে বেইজিং আগ্রহী নয়।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই বিষয়টি দিয়ে আলোচনার সূত্রপাত হলেও আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশা করছি না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ:

কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বনেতারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ যুদ্ধের সূচনা করেছিল গত ২৮ ফেব্রুয়ারি। যদিও হামলা আপাতত বন্ধ রয়েছে, তবে সংঘাতটি ঘিরে আলোচনা এখন চরম অচলাবস্থায় রয়েছে।

১০০ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে। এই প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো এখনও ইরানি হামলা ও সামুদ্রিক মাইনের হুমকির মুখে পড়ায় তেল ও গ্যাসের দামে অস্থিরতা রয়েছে। যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেল সরবরাহের এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়েই আসত। এ ছাড়া এই সংঘাতে চীনের রপ্তানি পণ্যের চাহিদার ওপরেও নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যদিকে, জ্বালানির উচ্চমূল্য এবং বিশেষ করে ডিজেলের সরবরাহ সংকটের কারণে ওয়াশিংটনের কাছ থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ পেয়ে রাশিয়া লাভবান হয়েছে।

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ:

বাণিজ্য যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত মাইক্রোচিপ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে। গত বছর ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন; এর জবাবে বেইজিংও যুক্তরাষ্ট্রের আমদানিপণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায়। উন্নত চিপ ও অন্যান্য প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় ‘বিরল খনিজ’ রপ্তানির ওপর চীনের বিধিনিষেধ আরোপের ফলে উত্তেজনা আরও বেড়েছে।

দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠকের পর উভয় দেশই শুল্ক কমিয়ে আনে এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষর করে। তবে, চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ায় সাম্প্রতিক কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চীন তাদের সিইও জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধ কি আলোচনায় আসবে?

বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা খুবই কম। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি উত্থাপন করবেন না। তবে ক্রেমলিনের কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে।

মস্কোর মিত্র চীন অবশ্য জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ মূলত একটি ইউরোপীয় বিষয়।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই সপ্তাহে ইউক্রেন ও রাশিয়া সফর করছেন।

একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘চীন এই প্রক্রিয়ার অংশ নয়, তাই এখানে ইউক্রেন নিয়ে আলোচনা করাটা যথাযথ হবে বলে মনে হয় না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ শেষ করতে চান না। অন্যদিকে কিয়েভ পুনরায় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের ‘স্টারলিংক’ (স্যাটেলাইট সংযোগের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, যা তাদের আক্রমণকারী ড্রোন পরিচালনার জন্য প্রয়োজন। এ ছাড়া রাশিয়ার তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার কারণে ডিজেলের দাম বেড়ে গেছে। এজন্যও ট্রাম্প ইউক্রেনকে দায়ী করেছেন।

একই সময়ে ট্রাম্প পুতিনের প্রশংসা করেছেন। তিনি বিশ্ববাজার ও মার্কিন বাজারে রুশ ডিজেল সরবরাহের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন এবং মস্কোর ওপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

এই বৈঠক থেকে উভয় পক্ষ কী চায়?

রাশিয়া:

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পুতিনের জন্য এই বৈঠকটি একটি ইতিবাচক প্রচারণার সুযোগ হতে পারে। এর মাধ্যমে তিনি ইউক্রেন সংঘাতকে আড়ালে রেখে নিজের শক্তি প্রদর্শনের একটি মঞ্চ পেতে পারেন।

মস্কোভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাতেরস্কি বলেন, এ বৈঠক পুতিনকে অন্যদের চেয়ে এগিয়ে থাকার সুযোগ দেবে। পুতিন নিজের দেশে বিষয়টি এমনভাবে তুলে ধরতে পারবেন, ইউক্রেন যুদ্ধের পরেও ইউরোপের নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করার সক্ষমতা তার রয়েছে।

চীন:

বেইজিং আগে থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের নিষ্পত্তিমূলক একটি পরিস্থিতির জন্য চাপ দিয়ে আসছে। এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের নিজেদের জ্বালানি সরবরাহকেও প্রভাবিত করেছে।

এ ছাড়া চীন এমন কোনো পারমাণবিক চুক্তিতে জড়িয়ে পড়তে চাইবে না, যে চুক্তি প্রণয়নের প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা ছিল না।

গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই পর্যায়ে চীনকে তথাকথিত ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে বলাটা ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত হবে না।’

যুক্তরাষ্ট্র:

প্রশাসনের কর্মকর্তারা জানান, ট্রাম্পের অগ্রাধিকার হলো চীন ও রাশিয়া—উভয়কেই একটি নতুন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অন্তর্ভুক্ত করা। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই পারমাণবিক বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

ইরান যেহেতু যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বা ওয়াশিংটনকে জয়ী করতে অস্বীকৃতি জানিয়েছে, তাই প্রেসিডেন্ট এই বৈঠকটিকে নিজের প্রশাসনের কূটনৈতিক প্রভাব প্রদর্শনের সুযোগ হিসেবেও ব্যবহার করতে পারেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প একাধারে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। এতে পারমাণবিক শক্তিধর নেতাদের এই মহলে তাকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হতে পারে।

অধ্যাপক সাইমন মাবন বলেন, ‘আমার মনে হয়, বৈঠকটি অনেকটা লোক দেখানো বিষয় হবে। ডোনাল্ড ট্রাম্প এখানে শান্তির দূত হওয়ার চেয়ে, বরং একজন বিশ্বনেতার ভূমিকা পালন করছেন।’

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয় তার দর-কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে, কারণ ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস ইউক্রেনকে আরও জোরালো সমর্থন দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

এটি কি নতুন কোনো ‘ইয়্যাল্টা’ সম্মেলনের সূচনা?

রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান পিওত্র তলস্তয় বলেছেন, এটি একটি ‘নতুন ইয়্যাল্টা’ সম্মেলনের দিকে নিয়ে যেতে পারে।

১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়্যাল্টায় অনুষ্ঠিত সম্মেলনে সোভিয়েত নেতা জোসেফ স্তালিন, যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল জার্মানিকে ভাগ করেছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে নতুন বিশ্বব্যবস্থার একটি কাঠামো হিসেবে বিবেচিত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এই বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হলেও তা অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!