ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মাসের শেষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৌশলগত পণ্যটির দাম দিনের ব্যবধানে কখনও কমছে, আবার বাড়ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১টা ৪০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯৬.১৯ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার ব্রেন্টের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৭৩ ডলার বা ২.০৭ শতাংশ বেড়ে ৮৫.৪১ ডলারে পৌঁছেছে। তবে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়নি। তাই সর্বশেষ বুধবারের নিষ্পত্তিমূল্যের সঙ্গে তুলনা করা হয়েছে।
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :