শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের অপূর্ব লালাখাল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:৪৩ পিএম

সিলেটের অপূর্ব লালাখাল

পর্যটন ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্যের অপূর্ব সিলেটের লালাখাল। এরজলরাশি কখনো নীল, কখনো সবুজ! দুই পাশে পাহাড়ের সারি, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। নৌকার ছলাৎ ছলাৎ শব্দে প্রকৃতির বুক চিরে এগিয়ে চলাএ যেন ব্যস্ত জীবনের বাইরে অন্য এক জগৎ। যেখানে নেই শহরের কোলাহল, নেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা। আছে শুধু পাহাড়, নদী আর প্রকৃতির অপার মায়া। যেখানে হাজারো ব্যস্ততা ও ক্লান্তিকে ভুলে অপার সৌন্দর্য ও প্রশান্তির হাওয়ায় হারিয়ে যান অনেকে। বলছি সিলেটের জৈন্তাপুরের অপরূপ পর্যটনকেন্দ্র লালাখালের কথা।

ভারতের চেরাপুঞ্জি পাহাড়ের নিচে অবস্থিত লালাখাল। পাহাড় থেকে নেমে আসা পানি সারি নদী হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নামের সঙ্গে ‘খাল’ শব্দ থাকলেও লালাখাল মূলত সারি নদীরই একটি অংশ। নদীর অসংখ্য বাঁক আর দুই পাড়ের পাহাড়ি বন, চা-বাগান ও নানা প্রজাতির বৃক্ষরাজি জায়গাটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। পাহাড়ের সবুজ আর নদীর নীলাভ জলরাশির এই মেলবন্ধনই লালাখালকে করেছে আলাদা।

লালাখালের পানির রংই এর সবচেয়ে বড় আকর্ষণ। কোথাও নীলাভ, কোথাও সবুজ। মূলত পাহাড় থেকে নেমে আসা পানিতে মিশে থাকা খনিজ পদার্থ এবং নদীর বালুময় তলদেশের কারণে পানির রং এমন দেখায়। সূর্যের আলো ও আকাশের অবস্থান বদলালে পানির রঙেও আসে ভিন্নতা। ফলে একই নদীর সৌন্দর্য দিনের বিভিন্ন সময়ে যেন ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ।

সিলেট শহর থেকে জাফলং সড়ক ধরে প্রায় ৪২ কিলোমিটার দূরে সারীঘাট। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের যাত্রা পেরিয়ে পৌঁছানো যায় সারি নদীর উৎসমুখের দিকে। নৌকা যত এগোয়, ততই চোখের সামনে উন্মোচিত হয় পাহাড়ের ছায়া, স্বচ্ছ জল আর সবুজের অপূর্ব মেলবন্ধন। নদীর দুই পাশের পাহাড়ি দৃশ্য আর শান্ত জলরাশি ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য। উৎসমুখের কাছেই রয়েছে লালাখাল চা-বাগান।

বিশেষ করে শীতকালে ও বর্ষার পর নদীর স্বচ্ছ পানির নিচে দেখা যায় বালুরাশি। সকালের কোমল আলো কিংবা বিকেলের শেষ রোদে লালাখালের সৌন্দর্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। নৌভ্রমণের প্রতিটি মুহূর্তে পাহাড়ি বাতাস আর নদীর শান্ত পরিবেশ ভ্রমণকারীদের মন ছুঁয়ে যায়।

সব মিলিয়ে লালাখাল কেবল একটি ভ্রমণস্থান নয়, প্রকৃতির সঙ্গে কিছুটা সময় একান্তে কাটানোর এক অনন্য সুযোগ। পাহাড়ের ছায়ায় নীলাভ-সবুজ জলের এই মায়া, নদীর বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা সবুজ আর নৌভ্রমণের প্রশান্তি- সব মিলিয়ে লালাখাল যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। একবার দেখলে যার সৌন্দর্য মনে গেঁথে থাকে বহু দিন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!