নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর মধ্যে ১৭টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৫৫ টাকা ও একটি হিসাবে ৮৮৫৫ ডলার জমা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিন দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী মেয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে এ অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/ স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/ স্থানান্তর/ দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/ হস্তান্তর সম্ভবনা রয়েছে।সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :