ডেইলি খবর ডেস্ক: বৈদেশিক বাণিজ্য তথা আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহার ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুসারে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন পণ্যের মূল্য আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে যাচাই করতে হবে। একইসঙ্গে বৈদেশিক বাণিজ্যের লেনদেন তদারকিতে কেন্দ্রীয় মূল্য পর্যবেক্ষণ সেল গঠন করতে হবে ব্যাংকগুলোকে।বাংলাদেশ সংবাদ
মূলতঃ অস্বাভাবিক বা বাড়তি মূল্য দেখিয়ে পণ্য আমদানির নামে অর্থ পাচার ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিটি ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সদস্যপদ নিতে হবে। ব্যাংকের কার্যক্রমের ধরন ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী এবং উপযোগী প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। মূলত আমদানি-রপ্তানি ছাড়াও সেবা খাত এবং অন্যান্য আন্তসীমান্ত লেনদেনের মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের আওতায় আনতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করতে হবে।বাংলাদেশ সংবাদ
এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্ম ব্যবহার করলে পণ্যের প্রকৃত বাজারদর সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। পাশাপাশি অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহারের ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের ১৩ আগস্ট জারি করা এক সার্কুলারে আমদানি পণ্যের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে চুক্তিমূল্য সামঞ্জস্যপূর্ণ রাখার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে ঋণপত্র খোলার আগে কিংবা আমদানি শুরুর আগে পণ্যের আন্তর্জাতিক বাজারদর, রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা এবং সংশ্লিষ্ট দেশের রপ্তানি সক্ষমতা যাচাই করতে বলা হয়। নতুন নির্দেশনার মাধ্যমে এ মূল্য যাচাই কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :