নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি)।এ উপলক্ষে বুধবার (১১ ফেব্রæয়ারি) থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কল-কারখানায় শ্রমিক-কর্মচারীদের ছুটি আজ মঙ্গলবার থেকেই শুরু হওয়ায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে। এ সুযোগে তিন গুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা যায় দীর্ঘ যানজট। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে যানবাহন।
সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। রাতভর অপেক্ষায় থাকা যাত্রীরা আজ সকাল থেকে বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশে ছুটছেন। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
যাত্রী আরিফ হোসেন বলেন, গতকাল ছুটি পাওয়ার পর রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কিন্তু প্রচন্ড যানজটের কারণে গাড়ি এগোতে পারেনি। আজ সকালে এসে আবার গাড়ির অপেক্ষায় আছি। এখন ৬০০ টাকার ভাড়া ১৫০০ টাকা চাওয়া হচ্ছে।
পোশাক শ্রমিকেরা বলেন, রাস্তায় প্রচুর যানজট। কোনো গাড়িতে ন্যায্য ভাড়ায় উঠতে পারছি না। সিন্ডিকেট করে অধিক ভাড়া আদায় করা হচ্ছে। প্রশাসনের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না।
রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা শ্যামলী এন. আর. বাসের চালক আব্বাস উদ্দিন জানান, রাত ১টার দিকে সাভারে পৌঁছাই। সেখান থেকে সকাল পর্যন্ত সময় লেগেছে চন্দ্রা কাউন্টার আসতে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পরিবহনের ভাড়া বেড়ে গেছে। অনেক গাড়ি যানজটে আটকে আছে।
গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাউগাতুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে শিল্পকারখানায় ছুটি হওয়ায় শ্রমিকদের বাড়িমুখী চাপ বেড়েছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের সদস্যরা মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছেন। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ বিষয় আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা অতিরিক্ত ভাড়া নেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :