শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:৪১ পিএম

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,পুলিশসহ আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আমরা পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে চাই।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,‘প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনগণের চাওয়া অনুযায়ী যে গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন, তার অগ্রাধিকার এখন নির্ধারণ করতে হবে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির প্রক্রিয়াও রয়েছে। নতুন জনবল নিয়োগ এবং সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা সুশাসন নিশ্চিত করতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সঠিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের দ্রুত পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!