বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

টসে জিতে প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:৩১ পিএম

টসে জিতে প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: এবার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের আমন্ত্রণে ফাইনালে ওঠার এই লড়াইয়ে আগে ব্যাট করতে নামবে এইডেন মার্করামের দল।
দুই দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ড দলে স্পিনার ইশ সোধির জায়গায় ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম। অন্যদিকে শক্তিশালী একাদশ সাজাতে প্রোটিয়া শিবিরে ফিরেছেন ডেভিড মিলার, মার্কো জানসেন এবং কাগিসো রাবাদা। টস শেষে প্রোটিয়া অধিনায়ক মার্করাম জানিয়েছেন, নকআউটের চাপে ম্যাচের শুরুটা ভালোভাবে করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের নকআউট মানেই যেন এই দুই দলের কাছে একরাশ হতাশা ও আক্ষেপের গল্প। নকআউট মঞ্চে বারবার হোঁচট খাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার গায়ে সেঁটে আছে ‍‍`চোকার্স‍‍` তকমা। তবে এবারের আসরে মার্করামের দল দারুণ ধারাবাহিক। গ্রুপ ও সুপার এইটের সাত ম্যাচের সবগুলো জিতে অপরাজিত থেকেই সেমিতে এসেছে তারা।
অন্যদিকে, কিউইদের নকআউটের বঞ্চনার গল্পও কম হৃদয়বিদারক নয়। সুপার এইটে দুটি ম্যাচ হেরে সেমিতে আসা একমাত্র দল নিউজিল্যান্ড। তবে পরিসংখ্যানে কিউইদের চেয়ে যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ৫ বার দেখা হয়েছে দুই দলের, যেখানে প্রতিবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে আহমেদাবাদে গ্রুপ পর্বের ম্যাচেও কিউইদের ৭ উইকেটে হারিয়েছিল তারা।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, কোল ম্যাকনকি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!