ডেইলি খবর ডেস্ক: বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতাকে একসঙ্গে দেখা গেলো একই ফ্রেমে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বিরল উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। চীনের শেনজেনে তিন নেতার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক এক দিন আগে এ দৃশ্যের দেখা মিলেছে।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে আনুষ্ঠানিক ছবি তোলার প্রস্তুতি চলছিল। এ সময় শি জিনপিং ও ট্রাম্প নিজেদের মধ্যে কথা বলছিলেন। ঠিক তখনই তাদের দিকে এগিয়ে আসেন পুতিন। তিনি ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং পরে দুজনের কথোপকথনে যোগ দেন। এভাবেই কিছু সময়ের জন্য একই জায়গায় একসঙ্গে দেখা যায় তিন নেতাকে।
তিন নেতার এই সংক্ষিপ্ত কথোপকথন কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমন এক সময়ে তিন নেতার একই ফ্রেমে উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এর এক দিন পর, বৃহস্পতিবার শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা শি, ট্রাম্প ও পুতিনের। তিন দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে বুধবার শি জিনপিং ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই নেতা বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
শি বলেন, বড় শক্তি হিসেবে চীন ও রাশিয়াকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্বকে বহুমেরুকরণের পথে এগিয়ে নিতে নেতৃত্ব দিতে হবে। পুতিনও আরও ন্যায়সংগত বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন।
এমন প্রেক্ষাপটে শি, ট্রাম্প ও পুতিনের একই ফ্রেমে উপস্থিতি এবং আসন্ন ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিন নেতার সংক্ষিপ্ত কথোপকথনে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :