মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

চুক্তি করতে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:০৫ এএম

চুক্তি করতে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও ইরান পুনরায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই আগ্রহী’। খবর আল জাজিরার।
চলমান অচলাবস্থা নিয়ে ট্রাম্প বলেন, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্প ইঙ্গিত দেন যে, অনেক বিষয়ে উভয় পক্ষ একমত হতে পারলেও ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর নির্ধারিত সময়সীমা অনুযায়ী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যক্রম শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ইরানি জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো জাহাজ মার্কিন অবরোধ সীমার কাছাকাছি আসে, তবে তাদের ‘নির্মূল’ করা হবে।
যুক্তরাষ্ট্রের এই অবরোধকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনের ‘চরমপন্থা’, বারবার নিয়ম পরিবর্তন ও এই নতুন অবরোধকে দায়ী করেছেন।
তেহরানের মতে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের জেরে ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার (১৩ এপ্রিল) দক্ষিণ লেবাননের মারুব শহরে ভয়াবহ বোমাবর্ষণ করেছে, যাতে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সৈন্যরা বিন্ট জেবেইল শহরের সমস্ত প্রবেশপথ দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!