রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১০:৪৯ পিএম

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ডেইলি খবর ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে ইরান কখনো পিছু হটবে না বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

রোববার (০৫ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় জানাজার দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির হাতামি বলেন, যারা এই অপরাধ করেছে, তারা জেনে রাখুক ইরানের জনগণ এবং আমরা কখনো ন্যায়বিচারের দাবি ও প্রতিশোধের অনুসন্ধান থেকে সরে আসব না। আমরা তাদের ছেড়ে দেব না। এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফল না পাওয়া পর্যন্ত আমরা এই পথেই থাকব।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজের কার্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় তার মেয়ে, জামাতা, পুত্রবধূ, ৪ বছরের নাতনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইরানি কর্তৃপক্ষ বারবার বলেছে, খামেনির হত্যার চূড়ান্ত ও নির্ধারক প্রতিশোধ এখনো বাকি রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তিন দিনের শোকযাত্রা শেষে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। সংগৃহীত ছবি,সূত্র : প্রেস টিভি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!