রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ইরানে নতুন করে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১১:৫৫ এএম

ইরানে নতুন করে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: টানা প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে প্রতিদিন বিমান হামলা চালানোর পর নতুন করে কোনও হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতে এবং পরিস্থিতি নতুন করে মূল্যায়নের লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রয়োজনে হামলা আরও জোরদারের প্রস্তুতি বজায় রেখেছে মার্কিন বাহিনী।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, আগের টানা ১৩ দিন প্রতিদিন হামলার অনুমোদন দিলেও গত শুক্রবারের হামলার পরিকল্পনায় ট্রাম্প অনুমোদন দেননি। তবে এই বিরতি সাময়িক নাকি যুক্তরাষ্ট্রের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিততা এখনও স্পষ্ট নয়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মনে করছেন, কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেয়ার জন্য আরও সুযোগ দেয়া প্রয়োজন। একই সঙ্গে বড় ধরনের যুদ্ধে না জড়িয়ে বর্তমান পর্যায়ের হামলা তার বাস্তব সীমায় পৌঁছেছে বলেও তিনি মনে করছেন। যদিও সম্ভাব্য সংঘাত আরও বাড়লে তা মোকাবিলার প্রস্তুতি মার্কিন সেনাবাহিনী অব্যাহত রেখেছে। তবে ট্রাম্প এখন পর্যন্ত হামলা আরও জোরদারের কোনও নির্দেশ দেননি।

এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চাইলে তিনি হামলা চালিয়ে যেতে পারেন বা আরও তীব্র করতে পারেন। এমনকি ‘তাদের যা কিছু আছে, সব ধ্বংস করে দেয়া’ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তবে তার মতে, ‘আরও বুদ্ধিমানের কাজ হবে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।’

ট্রাম্প বলেন, ‘আমরা এখন (ইরানিদের সঙ্গে) কথা বলছি। আমার মনে হয়, দিন যত যাচ্ছে তারা ততই আন্তরিক হচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে পারি। তবে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

পরে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরান এখনও কোনও সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়। তবে ‘আমি তাদের কথা শুনতে প্রস্তুত’।

অ্যাক্সিওস জানায়, ট্রাম্পের এই নির্দেশের কয়েক ঘণ্টা আগেই নতুন একটি সমঝোতার বিষয়ে আলোচনা করতে ওমানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। আলোচনার লক্ষ্য ছিল হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করার বিষয়ে নতুন ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছানো।

উপসাগরীয় অঞ্চলের দুটি সূত্র জানিয়েছে, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাদের আশা, সপ্তাহান্তেই ওমান ও ইরানের মধ্যে একটি সমঝোতা হতে পারে। এরপর প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!