শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন গেট ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ শ্রমিক।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক রাসেল মিয়া (২৭) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিসিকের প্রধান ফটক নির্মাণের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের উপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। এসময় উপরে দুইজন ও নীচে দুইজন ঢালাইয়ের কাজ করছিল। ঢালাই শেষ হওয়ার পরপরই গেট ধসে পড়ে ৪ নির্মাণ শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে যায়। এ সময় তারা অভিযান চালিয়ে চাপা পড়া ৪ স্রমিককে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার রাসেল মিয়া নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করে। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :