ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি চালানোর অভিযোগে আটক ব্যক্তি তদন্ত কর্মকর্তাদের একদমই সহযোগিতা করছেন না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। আজ রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউস বিটের সাংবাদিকদের নিয়ে ওয়াশিংটনের হিলটন হোটেলে ছিল নৈশভোজের আয়োজন। সেখানে স্ত্রী মেলানিয়াসহ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজ চলাকালীন হোটেলের বলরুমের ঠিক বাইরে গুলির ঘটনা ঘটে। দ্রুতই ট্রাম্প ও মেলানিয়াকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কোল অ্যালেন নামে একজনকে আটক করেছে পুলিশ। অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরান্স শহরের বাসিন্দা বলে জানানো হয়েছে।
আটক অ্যালেন সম্পর্কে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘তিনি বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে একদমই সহযোগিতা করছেন না। তদন্তকারীদের বিশ্বাস, তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যদের ওপর হামলার ছক কষেছিলেন।’
তদন্তের বরাত দিয়ে ব্ল্যাঞ্চ জানান, সন্দেহভাজন অ্যালেন ওয়াশিংটন ডিসির বিলাসবহুল ‘ওয়াশিংটন হিলটন’ হোটেলেই অবস্থান করছিলেন। প্রথমে তিনি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগোতে যান। সেখান থেকে ট্রেনে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।
মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মনে করেন, এমন ষড়যন্ত্রের মূলে রয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এর আগে একাধিক সংবাদমাধ্যমে তিনি এই মন্তব্য করেন।
তবে অভিযুক্ত অ্যালেন মুখ না খোলায় তার সঙ্গে আরও কেউ রয়েছেন কিনা বা তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে বেগ পেতে হচ্ছে বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
এদিকে, নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর ওয়াশিংটন ডিসি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে মার্কিন প্রশাসন। সূত্র: বিবিসি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :