রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

৭২ ঘন্টার মধ্যে দেশের ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:১০ পিএম

৭২ ঘন্টার মধ্যে দেশের ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা

ডেইলি খবর ডেস্ক: ভারি বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সাতটি জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের দুধকুমার নদ এবং তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদ-নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় নদীগুলোর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদ এবং যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ২০ হতে ২২ জুলাই ব্রহ্মপুত্র নদ এবং যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতি, কর্ণফুলী, লিটল ফেনী নদী ও নোয়াখালী খালে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে। আগামী এক দিন এসব নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে।

এতে আরও বলা হয়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!