ডেইলি খবর ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে মধ্যরাতের আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের নদীবিধৌত ৮ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সতর্কবাতা দেওয়া হয়েছে।
ঈদের টানা কয়েক দিনের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন। রাত–দিন বিভিন্ন মাধ্যমে গতকাল থেকে রাজধানীতে কর্মজীবীদের ফেরার চাপ শুরু হয়েছে। এরই মধ্যে পরিবার–পরিজন নিয়ে ঢাকায় ফেরা মানুষদের খানিকটা ভোগান্তিতে পড়তে হতে পারে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে রাত ১টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ের দেশের আট অঞ্চলের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সেই বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।তাই এ সব এলাকার নদীবন্দর সমূহকে বারবার ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ দিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা দিনের তুলনায় সামান্য কমতে পারে।
অন্যদিকে আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বুধবার সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড হয়েছে ২৮ মিলিমিটার এবং সেটি হয়েছে উত্তরের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :