সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কোন কাটিং বোর্ড সবচেয়ে নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১০:০২ পিএম

কোন কাটিং বোর্ড সবচেয়ে নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক: রান্নায় কী খাচ্ছি, কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছি আমরা বেশ সচেতন। কিন্তু খাবার তৈরির সময় কোন জিনিস ব্যবহার করছি সেটা নিয়ে খুব বেশি যেন ভাবা হয় না। অথচ প্রতিদিনের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস কাটিং বোর্ড বা চপিং বোর্ড খাবারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্লাস্টিক, কাঠ কিংবা স্টিল প্রতিটি ধরনের কাটিং বোর্ডেরই রয়েছে কিছু সুবিধা ও অসুবিধা। বিশেষ করে কাঁচা মাংস, মাছ বা সবজি কাটার ক্ষেত্রে ভুল বোর্ড ব্যবহার করলে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

প্লাস্টিকের বোর্ড- প্লাস্টিকের কাটিং বোর্ড সাধারণত সস্তা, হালকা এবং পরিষ্কার করা সহজ। অনেক বোর্ড ডিশওয়াশারেও দেয়া যায়। তবে দীর্ঘদিন ব্যবহারে ছুরির ধারালো অংশের আঘাতে বোর্ডের ওপর গভীর দাগ তৈরি হয়। এসব খাঁজে খাবারের কণা ও জীবাণু আটকে থাকতে পারে। নিয়মিত ব্যবহারে বোর্ড ক্ষয়ে গেলে মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কার কথাও আলোচিত হয়। তাই বোর্ডে অতিরিক্ত গভীর দাগ তৈরি হলে শুধু ভালোভাবে ধুয়ে ব্যবহার না করে সেটি বদলে ফেলার কথা ভাবা উচিত।

কাঠের বোর্ড-কাঠের কাটিং বোর্ড দেখতে সুন্দর এবং ছুরির ধারও তুলনামূলকভাবে ভালো রাখে। কাঠের কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে সীমিত করতেও সাহায্য করতে পারে। তবে কাঠ পানির সংস্পর্শে থাকলে আর্দ্রতা শোষণ করে। সঠিকভাবে পরিষ্কার ও শুকানো না হলে সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিন ব্যবহারে কাঠের বোর্ডে ফাটল বা গভীর দাগ তৈরি হলে সেখানে খাবারের কণা জমে থাকতে পারে। তাই কাঠের বোর্ড ব্যবহার করলে নিয়মিত পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে রাখা এবং প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে রক্ষণাবেক্ষণ করা জরুরি।

স্টিলের বোর্ড-স্টেইনলেস স্টিলের বোর্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পানি, খাবারের রস বা গন্ধ সহজে শোষণ করে না। এটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করাও তুলনামূলকভাবে সহজ। মরিচা, ছত্রাক বা দুর্গন্ধের সমস্যাও কম। তবে এর বড় অসুবিধা হলো শক্ত ধাতব পৃষ্ঠ ছুরির ধার দ্রুত নষ্ট করতে পারে। কাটার সময় শব্দও বেশি হয়। পিচ্ছিল হওয়ার কারণে খাবার বা ছুরি পিছলে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে। অর্থাৎ শুধু জীবাণুমুক্ত রাখার দিক থেকে স্টিল সুবিধাজনক হলেও প্রতিদিনের কাটাকাটির জন্য এটি সবার কাছে আরামদায়ক নাও হতে পারে।

কোনটি বেছে নেবেন? কোনটা নিরাপদ সেটা আসলে সব নয় বরং আপনি কী কাটছেন এবং বোর্ডটি কীভাবে পরিষ্কার রাখছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কাঁচা মাংস ও মাছের জন্য আলাদা বোর্ড ব্যবহার করা ভালো। সবজি বা ফল কাটার জন্য অন্য একটি বোর্ড রাখতে পারেন। ব্যবহারের পর প্রতিটি বোর্ড ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখা জরুরি। আর বোর্ডে যদি গভীর আঁচড়, ফাটল বা স্থায়ী দাগ তৈরি হয়, তাহলে পরিবর্তন করাই নিরাপদ। সবশেষে মনে রাখতে হবে, স্বাস্থ্যকর খাবার শুধু খাবারের উপকরণের ওপর নির্ভর করে না। খাবার যে পৃষ্ঠে কাটা, প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে, সেটির পরিচ্ছন্নতাও সমান গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত, সূত্র: এনডিটিভি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!