বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ভালো আলোচনা হয়েছে, এবার ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রবল : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:১৪ এএম

ভালো আলোচনা হয়েছে, এবার ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রবল : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা প্রবল। তবে যদি আলোচনা ব্যর্থ হয় দেশটিতে আবারও বোমা হামলা চালানো হবে। এবারের আক্রমণের তীব্রতা হবে অনেক বেশি। খবর এএফপির। 
স্থানীয় সময় বুধবার (৬ মে) হরমুজ প্রণালি খুলে দেওয়ার সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবান এখন খুবই প্রবল। তবে ইরান যদি পূর্বনির্ধারিত শর্ত মেনে নিতে অস্বীকার করে, আবারও বোমা হামলা শুরু হবে; যা হবে অনেক উচ্চ পর্যায়ের ও শক্তিশালী।
ট্রাম্প আশাবাদী হলেও ইরান এখনও নতুন মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে ‘আত্মসমর্পণ’ করতে বাধ্য করার চেষ্টা করছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, মার্কিন প্রস্তাবটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে জানানো হবে।
একদিকে আলোচনার আবহ থাকলেও সংঘাতের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর অবরোধ অমান্য করার চেষ্টা করায় একটি তেলের ট্যাংকারে গোলাবর্ষণ করে সেটির রাডার অচল করে দিয়েছে তাদের যুদ্ধবিমান। অন্যদিকে, বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলা চালিয়েছে ইসরায়েল। যাতে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যমে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গতিশীলতা অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তবে ইরানের সাধারণ মানুষের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করছেন।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!